গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে ‘ঢাকা চাকা’ নামে নতুন সার্কুলার বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। ওই এলাকার জন্য বিশেষ রঙের রিকশা চালু করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ উদ্যোগে সহায়তা করেছে ওই এলাকার চারটি সোসাইটি এবং নিটোল গ্রুপ।
হলি আর্টিজানে জঙ্গি হামলার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ বাস ও রিকশা সার্ভিস চালু করা হয়েছে। ‘ঢাকা চাকা’ বাস সার্ভিসের একটি চলবে গুলশান ১ এর পুলিশ প্লাজা থেকে গুলশান ২ পর্যন্ত। অন্যটি কাকলি থেকে আমেরিকান অ্যাম্বাসি পর্যন্ত। যে কোনো দূরত্বে ভাড়া ১৫ টাকা। বিশেষ রঙের ৫০০ রিকশাও চলবে নির্দিষ্ট ভাড়ায়। উদ্বোধন অনুষ্ঠানে সার্ভিস দু’টি নিয়ে কথা বলেন উদ্যোক্তারা।
উত্তরের মেয়র আনিসুল হক বলেন, এ এলাকায় যে চারটি সোসাইটি আছে, সেই সোসাইটির যারা প্রতিনিধি আছেন এবং এ এলাকায় যে পুলিশ কর্মকর্তা আছেন, তাদের একটি সম্বলিত কাজ এটি। খুব শিগগিরই আরো ভালো রেজাল্টের দিকে আমরা এগিয়ে যাব। তার প্রথম অন্যতম উদাহরণ বাস ও রিকশা সার্ভিস।
সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদা বলেন, এসব এলাকায় রিকশা যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে রিকশা ব্যবহারকারীদের জন্য কিছু ভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। তাই নিরাপত্তার স্বার্থে এ রিকশা সার্ভিস চালু করা হয়েছে।
গুলশান এলাকায় এমন উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, নতুন বাস ও রিকশা সার্ভিসে জনগণের সম্পৃক্তা বেশি প্রয়োজন। তাহলে এ সার্ভিস বিশেষ গতি পাবে।
বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশের আইজিপি শহিদুল হক বলেন, সামাজিক বিপ্লবের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে এই বার্তা দেওয়া, বাংলাদেশ জঙ্গিদের কোনো স্থান দেওয়া হবে না।
পুলিশের ডিএমপি আসাদুজামান মিয়া বলেন, দেশের উন্নয়ন সহযোগী বিদেশীরা যাতে আস্থার সঙ্গে এখানে থাকতে পারেন যে জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পরে ঢাকা চাকা বাস সার্ভিস উদ্বোধন করেন এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।








