পাঞ্জাবের গুরুদাসপুর জেলার পুলিশ স্টেশনে হামলাকারী তিনজন সন্ত্রাসীর মধ্যে একজনের ব্যবহৃত হাতমোজায় “মেড ইন পাকিস্তান” লেখা সম্বলিত ট্যাগ পাওয়া গেছে। গুরুদাসপুরের বেসামরিক হাসপাতালে চিকিৎসকদের প্যানেল তিনজন সন্ত্রাসীর দেহ ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অন্য দেশ থেকে সন্ত্রাসীদের আগমনের ব্যপারটিও নিশ্চিত করেছে চিকিৎসকের প্যানেল।
সন্ত্রাসী হামলাকারীদের কাছ থেকে আরও পাওয়া যায় যুক্তরাষ্ট্র নির্মিত রাতের বেলায় দেখার উপযোগী যন্ত্র। যা আফগানিস্তান থেকে সংগ্রহ করা হয়েছে বলে তদন্তকারীরা জানায়।
এসব গুরুত্বপূর্ণ প্রমাণ স্পষ্টভাবেই সন্ত্রাসী হামলাটিতে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও হামলাকারীদের কাছ থেকে পাওয়া দুইটি গ্লোবাল পজিশনিং সিসটেম (জিপিএস) পরীক্ষা করে দেখা দেখা গেছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের গুরুদাসপুর বিভাগের মাসগার গ্রামের ভেতর দিয়ে রাভি নদী অতিক্রম করে সন্ত্রাসীরা।
জুলাইয়ের ২৭ তারিখে সংঘটিত এই আকস্মিক সন্ত্রাসী হামলায় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ সাতজন প্রাণ হারায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী তিন সন্ত্রাসীও নিহত হয়।







