রংপুরের কাউনিয়া থেকে গুম হওয়ার আড়াই বছর পর নারায়নগঞ্জ থেকে মাহফুজা বেগম ও তার শিশু কন্যা জেরিনকে উদ্ধার করেছে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির সংবাদ সম্মেলন করে জানান, ২০১৩ সালের ৪ মার্চ কাউনিয়া উপজেলার বাবার বাসা থেকে মাহফুজা বেগম ও তার শিশু কন্যা জেরিনকে নারী নির্যাতন মামলা দায়ের কারণে স্বামী মনিরুজ্জামান ও অন্যান্যরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মাহফুজার ভাই জহুরুল হক বোনকে হত্যা করে অজ্ঞাত স্থানে গুম করার সন্দেহে থানায় অভিযোগ করলে দীর্ঘ সময় পুলিশের তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করেন। এরপর আদালত অভিযোগটি রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পাঠালে পিবিআইয়ের গোয়েন্দা তৎপরতা ও অভিযানে শনিবার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউসিয়া এলাকার পরিত্যক্ত মাঠ থেকে মাহফুজা ও জেরিনকে উদ্ধার করা হয়।
বর্তমানে তারা পুলিশের ভিমটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুস সালামসহ অন্যান্য পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







