প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দেওয়ার অভিযোগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
বাদীর আইনজীবী সমীর দাশগুপ্ত জানান: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া, উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এছাড়াও চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে সাবেক নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি এজাহার হিসেবে নথিভূক্ত করে ব্যবস্থা নিতে ওসি পাঁচলাইশ থানাকে নির্দেশ দিয়েছেন।

রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল জানান: রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য ও বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে মিথ্যাচারের অভিযোগে মামলাটি করা হয়েছে।
গত মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন: ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ্ পড়ার লোক ছিল না, আপনার পরিণতি তার চেয়েও খারাপ হবে। আপনাকে বাবার চেয়েও নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে।’
এছাড়া প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন জানান, গ্রেপ্তাররা হলেন ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী ও নুরুল ইসলাম মেম্বার। তাদের আদালতে পাঠানো হয়েছে।









