জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এবং পরে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিস (৫০) মারা যাবার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)।
আত্মহত্যা প্ররোচণা মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন হেনোলাক্স গ্রুপের (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিন।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, আজ মঙ্গলবার ৫ জুলাই সকাল সোয়া ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজী আনিস।
আশঙ্কাজনক হওয়ায় সোমবার ৪ জুলাই সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করার পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
গত ৩১ মে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস।
মঙ্গলবার দুপুরে নিহত গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।








