কলম্বিয়ার হয়ে রেকর্ড ৩ বিশ্বকাপ আসরে খেলা ফ্রেডি রিনকন সোমবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলম্বিয়ার শহর ক্যালিতে ভোর সাড়ে ৪ টার দিকে একটি বাসের সাথে সংঘর্ষে সাবেক কিংবদন্তি ফুটবলার রিনকন ও চার যাত্রী আহত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত রয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের।
রিনকনকে চিকিৎসা দেয়া প্রাইভেট ক্লিনিক বিবৃতিতে জানিয়েছে,‘তার পরিবারের সাথে কথা বলে রোগীর দায়িত্বে থাকা বিশেষজ্ঞ দল অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে যা চলমান আছে। তাঁর অবস্থা খুবই সংকটজনক। সার্জারির ফলাফলগুলি বিবেচনা করলে পরিস্থিতি খুবই গুরুতর।’
৫৫ বর্ষী রিনকন কলম্বিয়ার সোনালী প্রজন্মের সবচেয়ে পরিচিত ফুটবলার। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে মাঠে তার গতিতে মুগ্ধ হয়েছিল তখনকার বিশ্ব ফুটবল। কলম্বিয়ায় হয়ে ৮৪ ম্যাচে ১৭ গোল রয়েছে তার। ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে গ্রুপ পর্ব উৎরে যাওয়ার ম্যাচে গোল করে নিজেকে আলাদা করে পরিচিত করিয়েছিলেন রিনকন।
১৯৯৫ সালে নাপোলি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন পরে দুই মৌসুম কাটিয়ে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানে যোগ দিয়ে প্রথম ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন। আহত হওয়ার খবরে ব্রাজিলিয়ান জায়ান্টরা টুইটারে লেখেন, ‘আমাদের সমস্ত প্রার্থনা বিশ্ব চ্যাম্পিয়নের সাথে রয়েছে। শক্ত থাকুন ফ্রেডি।’
রিয়াল মাদ্রিদ যোগ করেছে, ‘আমরা তার জন্য প্রার্থনা করি। আশা করি সে যত তাড়াতাড়ি সম্ভব এই কঠিন মুহূর্তটি কাটিয়ে উঠবেন।’
কলম্বিয়ান ফুটবল ফেডারেশনও রিনকনের জন্য বার্তা পাঠিয়েছেন, ‘আমরা আমাদের সমস্ত সমর্থন প্রাক্তন ফুটবলার ফ্রেডি রিনকনকে পাঠাই। দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রথর্না করি যাতে ঈশ্বরের সাহায্যে সে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন।








