পরিবার আফগানিস্তানে, তিনি খেলছেন ইংল্যান্ডে। পরিবারের জন্য দুশ্চিন্তা হচ্ছে। সেটি প্রকাশ্যেই বলেছেন। তালেবানরা আফগান শাসনভার দখলের পর অস্বস্তি, তাই শান্তির প্রত্যাশা করে মুখ খুলে আলোচনায় এসেছেন রশিদ খান। ক্রিকেট তারকা এবার ভাইরাল হলেন গালে দেশের পতাকা এঁকে খেলতে নেমে।
লেগ স্পিনার রশিদ ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলতে এখন ইংল্যান্ডে। নিজ দল ট্রেন্ট রকেটসের হয়ে সাউদার্ন ব্রেভের বিপক্ষে নেমেছিলেন এলিমিনেটরের ম্যাচে। সেই ম্যাচেই গালে আফগানিস্তানের জাতীয় পতাকা এঁকে খেলতে নেমে আলোচনার জন্ম দিয়েছেন।
রশিদ নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গালে জাতীয় পতাকা আঁকা ছবি পোস্ট করেছেন। সঙ্গে শান্তি, উন্নতি ও ঐক্যবদ্ধতা কামনা করেছেন। আফগান জাতির ত্যাগের কথাও উল্লেখ করতে ভোলেননি।
তালেবান ক্ষমতা দখলের পর সরকার থেকে শুরু করে সর্বত্র ওলটপাল্ট হয়ে গেছে আফগানিস্তানে। দেশটির ক্রিকেট বোর্ডে প্রধানকে সরিয়ে নতুন প্রধান নিয়োগ করা হয়ে গেছে ইতিমধ্যেই। এমন পরিস্থিতিতে খেলাধুলার গতিপথ থমকে যেতে পারে বলে শঙ্কা।
যদিও আফগান বোর্ডের মিডিয়া প্রধান হিকমত হাসান আশ্বস্ত করেছেন যে, ক্রিকেটের সঙ্গে তালেবানের কোনো যোগসূত্র বা বিরোধ নেই। তারা বোর্ডকে পূর্ব পরিকল্পনা ও সূচি অনুযায়ী খেলা চালিয়ে নিতে বলেছে।
আফগান দল অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে বসতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করবে সপ্তাহখানেক পরই। বোর্ডটি আশা করছে আইসিসির টুর্নামেন্টটিতে খেলতে যেতে কোনো সমস্যা হবে না ক্রিকেটারদের।







