আনসার উল্লাহ বাংলা টিমের (এটিবি) হত্যার তালিকায় আছে আরও অন্তত ৭ জন ব্লগার। নিলয় হত্যায় জড়িত সন্দেহে আটক এবিটির দুই জঙ্গি রিমান্ডে জিজ্ঞাসায় ওই ৭ জনের নাম জানিয়েছে।
নিলয় হত্যায় সন্দেহভাজন দুই জঙ্গি নাহিয়ান ও মাসুমের কাছ থেকে বর্তমান নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। চলছে এবিটির হয়ে বর্তমানে সক্রিয় জঙ্গিদের নাম পরিচয় জানারও চেষ্টা।
ডিএমপি’র মুখপাত্র মো. মনিরুল ইসলাম জানান, জামিনে বের হয়ে এসে তারা এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলো। ইতিপূর্বে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তাদের সমর্থন আছে। তারা আরও কিছু লোকের নাম বলেছে যারা তাদের হত্যার সম্ভব্য তালিকায় রয়েছে। তারা একটি ছেলের নাম বলেছে। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।
আনসারউল্লাহ বাংলা টিমের গান পয়েন্টে থাকা ব্লগারদের নাম পরিচয় জানিয়েছে ওই দুই জঙ্গি। তাদের নজরদারিতে রেখেছে পুলিশ।
তিনি আরও বলেন, তারা আরও এমন ৬ থেকে সাত জনের নাম বলেছে, যারা তাদের সম্ভব্য হত্যার তালিকায় রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কথা তারা স্বীকার না করলেও এ ব্যাপারে তাদের সমর্থন রয়েছে বলে তারা জানিয়েছে।
ব্লগার হত্যাকাণ্ডের পর কারা কৃতিত্ব দাবি করে জঙ্গি সংগঠনের নামে বিবৃতি প্রকাশ করে তাদেরও সনাক্ত করার চেষ্টা চলছে। বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে যারা চিঠি পাঠাচ্ছে তাদেরও খুঁজছে ডিবি।






