যারা ক্যাম্পাসের আড্ডায়, চায়ের দোকানে, বন্ধুদের সাথে সব সময় গান নিয়ে থাকেন, তাদের জন্য জি-সিরিজ আগামী দিনের তারকা হওয়ার সুযোগ করে দিচ্ছে। এই কার্যক্রমের সমম্বয়ক রাশেদ উদ্দিন আহমেদ তপু জানান, ‘জি–সিরিজের উদ্যোগে বাংলালিংকের সহযোগিতায় শুরু হয়েছে এ কার্যক্রম। “আগামীর তারকা” প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মোবাইল থেকে প্রথমে ৪৮৭৮ লিখে সাবস্ক্রাইব করতে হবে। এরপর ৯৯ প্রেস করে আপনার গাওয়া গানটি রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে। শ্রোতাদের এসএমএস ভোটিংয়ের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীর জন্য থাকবে তার গাওয়া গান নিয়ে আকর্ষণীয় মিউজিক ভিডিও তৈরি করার সুযোগ। এই মিউজিক ভিডিও শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছে দেবে জি-সিরিজ।’
তিনি আরও বলেন, ‘এবার এ কার্যক্রম চলবে ২০ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। বাছাই করা শিল্পীদের গানের ভিডিও নিয়ে ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে। সময় এলেই তা জানতে পারবেন।’
জি–সিরিজের কর্ণধার নাজমুল হক ভূইয়া খালেদ বলেন, ‘জি–সিরিজ সব সময় পুরোনোদের পাশাপাশি নতুনদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতা এটি। আমরা চাই সংগীতের প্লাটফর্মে আরও নতুন নতুন শিল্পী আসুক। তাইতো আমাদের এই ‘‘আগামীর তারকা’’ কার্যক্রম প্রয়াস।’
ছবি : সংগৃহীত








