তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে; তবে সে পানি কোনো দুঃখের নয়, সুখের। সেরাদের সেরা হওয়ার আনন্দের। সারাদেশের ৬০ হাজার প্রতিযোগীর মধ্যে নিজেকে সেরা করার অদম্য চেষ্টা, ইচ্ছা আর আকাঙ্ক্ষাই ‘বাংলার গান-২০১৬’র চ্যাম্পিয়ন করেছে ময়মনসিংহের মেয়ে শারমিনকে।
আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়ে শারমিন চোখে হাজারো স্বপ্ন নিয়ে গত ছয় মাস আগে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘বাংলার গান’ এ এসেছিলেন। সেখান থেকে কঠোর পরিশ্রম, গানের প্রতি ভালোবাসা আর প্রবল আত্মবিশ্বাসের কারণে সেরার মুকুটটি জিতে নিয়েছেন এ মেয়েটি।
সেরা হওয়ার উচ্ছ্বাস নিয়ে চ্যানেল আই অনলাইনকে বাংলার গান’র চ্যাম্পিয়ন শারমিন বলেন, গানকে ভালোবেসেই আজ আমি এখানে। এই গানের জন্য মায়ের হাতে প্রচুর মার খেয়েছি, বকা খেয়েছি। তবে গানের প্রতি আমার আগ্রহ দেখে বাবা আমাকে গান শেখানো শুরু করেন। বাবা অনেক কষ্ট হয়েছে আমাকে গান শিখাতে গিয়ে। তবুও তিনি আমাকে সাহায্য করেছেন। আজ আমার যা অর্জন তার সবই বাবার জন্য। 
চ্যাম্পিয়ন হিসেবে যখন শারমিনের নাম ঘোষণা হল সে মুহূর্তে কেমন লাগছিল- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নামটি যখন ঘোষণা করা হলো আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এরপর কান্না চলে আসল। নিজেকে কোনো মতে বিশ্বাস করালাম। তবে এই শো’এ যখন আসি তখনও ভাবেনি চ্যাম্পিয়ন হব কিন্তু মনে মনে একটু হলেও আশা ছিল।
‘বাংলার গান’ সিজন ওয়ানের শারমিন’র ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে জানালেন, সারা জীবন গান করে যেতে চাই। গানের পেছনেই থাকতে চাই। লোকজ গানকে অনেক দূর নিয়ে যেতে চাই। সবাই যদি আমার পাশে আশা করি কিছু ভালো গান সবাই উপহার দিতে পারব। এজন্য বড়দের দোয়া চাই।
আড়ং ডেইরি-চ্যানেল আই ‘বাংলার গান’ চ্যাম্পিয়নে ভূষিত হওয়া শারমিন পুরস্কার হিসেবে পেয়েছেন দশ লাখ টাকা। এছাড়া নবম শ্রেণি থেকে কলেজ পর্যন্ত স্কলারশিপে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে পড়ার সুযোগ।
গত শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা নামে বাংলার গানর মহাউৎসব। এ উৎসবে উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা সম্পাদক শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুতিক মজুমদার বাবু।
এবং মহাউৎসবের মঞ্চ মাতিয়ে রাখেন মমতাজ, রুনা লায়লা।







