সাভারের আশুলিয়ায় এক বাউল গানের শিল্পী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আশুলিয়া থানায় করার মামলায় ওই শিল্পী অভিযোগ করেছেন, অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে ডেকে নিয়ে রাতভর তাকে ধর্ষণ করা হয়েছে।
মামলার এজাহার ও আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মাজারে ঘুরে তিনি গান গাইতেন। কয়েক মাস আগে তার সঙ্গে আশুলিয়ার একজন নারী শিল্পীর পরিচয় হয়। এর সূত্র ধরে বুধবার রাতে আশুলিয়ায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পান তিনি।
‘নির্যাতনের শিকার ওই শিল্পী নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আশুলিয়ায় যান। পূর্বপরিচিত শিল্পীর দেওয়া ঠিকানায় যাওয়ার পর তাকে একটি ঘরে আটকে রেখে আট থেকে দশজন ধর্ষণ করেন। বিষয়টি জানার পর স্থানীয় লোকজনের সহায়তায় আশুলিয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে।’
থানায় নেওয়ার পর ওই শিল্পী বাদী হয়ে মামলা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেছেন, খবর পেয়ে পুলিশ ওই শিল্পীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তাকে ওসিসিতে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।








