গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়রথ ছুটছেই। ঢাকা প্রিমিয়ার লিগে সপ্তম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়ে এখন পর্যন্ত অপরাজিত নাদিফ চৌধুরীর দল। গাজীর টানা সাত ম্যাচ জয়ের দিনে কলাবাগান ক্রীড়া চক্রকে ৬২ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
শনিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২৩৬ রানেই আটকে যায় গাজী ক্রিকেটার্সের ইনিংস। ৭ রানের জন্য আবারও শতক হারানোর ব্যথায় পুড়েছেন এনামুল হক। ৯৭ বলে ৫ চার এবং ৪ ছয়ে ৯৩ রান করে অলোক কাপালির বলে নাইম হাসানের হাতে ধরা পড়েন জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চলতি প্রিমিয়ার লিগে এ নিয়ে দুইবার নড়বড়ে নব্বইয়ে কাঁটা পড়লেন এনামুল।
মোটামুটি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন সাজঘরে আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ৫৬ রান এসেছে ভারতীয় ব্যাটসম্যান মানবিন্দার বিসলার ব্যাট থেকে। অধিনায়ক অলোক কাপালির ব্যাট থেকে এসেছে ৪৯ রান।
শেষদিকে মাইশুকুর রহমানের অপরাজিত ৩৮ রান জয়ের সম্ভাবনা জাগালেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে গেলে ১০ রানের হারে কপাল পুড়েছে গোপীবাগের দলটিকে। পেসার আবু হায়দার রনি ৫২ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুর এবং সাজ্জাদ হকের অর্ধশতকে ২৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পারটেক্স। ইরফান করেছেন ৫৮ রান এবং সাজ্জাদের ব্যাট থেকে এসেছে ৫৩ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ কলাবাগানের টপ অর্ডার। এদিন ওপেনিংয়ে নেমে আবার হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। ২৪ বলে খেলে মাত্র ১২ রান করতে পেরেছেন জাতীয় দলের সাবেক কাপ্তান। সর্বোচ্চ ৪৫ রান এসেছে জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। লক্ষ্য থেকে ৬২ রান দূরে থাকতে অলআউট হয়ে কলাবাগান ম্যাচ হেরেছে ৬২ রানে।
লিগের সবগুলো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর নিজেদের প্রথম জয়ে টেবিলের তলানির এক ধাপ উপরে আছে পারটেক্স স্পোর্টিং।







