গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধিন তিন বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন।
আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজকের এই আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলো এবং তার মেয়র পদে দায়িত্ব পালনে আর কোনো আইনিবাধা রইলোনা বলে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ৯ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই স্থগিতাদেশ দেন।
গত ৬ জুলাই তৃতীয়বারের মতো মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার বিভাগ। এরপর সেই বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মান্নান।
মেয়র মান্নানকে এর আগেও দুইবার তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং দুইবারই হাইকোর্টে রিট আবেদন করে স্বপদে বহাল হন তিনি।







