গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া এলাকায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ মেজবাহ উদ্দিন জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। এসময় মামলার আসামি বিল্লাল ভূইয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
অভিযুক্ত বিল্লাল ভূইয়া শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের রহম উদ্দিন ভূইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী অভিযুক্ত বিল্লাল ভূইয়ার বসত বাড়িতে খেলতে যায়।
এসময় বিল্লাল ভূইয়া মেয়েটিকে তার ঘরের মেঝে ঝাড়ু দেয়ার জন্য ডেকে নেয়। মেয়েটি ঘরের মেঝে ঝাড়ু দেয়ার সময় বিল্লাল ভূইয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি যাতে প্রকাশ না হয় সেজন্য মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভিকটিম ঘটনাটি তার মাকে জানালে তিনি বাদি হয়ে তিনজনকে আসামি করে ২১ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ তদন্ত করে ওই বছরের ১৭ নভেম্বর বিল্লাল ভূইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়। আদালতের বিচারক এম এ মেজবাহ উদ্দিন ভূইয়া উভয় পক্ষের শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফজলুল কাদের। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।







