শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের মতে ভারতের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সাবেক এই দলপতির নেতৃত্বগুণের প্রশংসা করে মুরালিধরন বলেন, ‘ভারতীয় ক্রিকেটে গাঙ্গুলীর অবদান অনেক বেশি।’ তাই ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর পছন্দের তালিকায় সেরা অধিনায়কদের মধ্যে গাঙ্গুলীর নাম না থাকায় অবাক মুরালি বলেন, ‘তার (গাঙ্গুলী) নাম বলতে হয়তো ভুলে গিয়েছেন শাস্ত্রী।’
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) ভিশন-২০২০-এর স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মুরালি। সেখানেই নতুন বির্তকের জন্ম দেওয়া শাস্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সেরা অধিনায়কদের তালিকায় গাঙ্গুলীর নাম না নেয়ায় অবশ্য কড়া জবাব দেননি গাঙ্গুলি। তিনি শুধু বলেছেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটি তার নিজস্ব মতামত।’
‘গাঙ্গুলীর হাত ধরেই ভারতীয় ক্রিকেট ঘুড়ে দাড়িয়েছে’ মন্তব্য করে ৮’শ টেস্ট উইকেটের মালিক মুরালি বলেন, ‘দলের দায়িত্ব নেয়ার পর ভারতীয় ক্রিকেটের চেহারা পাল্টে দিয়েছেন গাঙ্গুলী। আমার মতামত হলো, গাঙ্গুলীই সেরা অধিনায়ক। দলকে আগলে রাখার সকল গুনাবলী তার মধ্যে ছিলো। দায়িত্ব নেয়ার কিছুদিন পরই তার নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে খেলে ভারত। এছাড়া বিদেশের মাটিতে বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ জয়ও এসেছে গাঙ্গুলীর হাত ধরে।’
“ধোনির নেতৃত্বেও অনেক সাফল্য পেয়েছে ভারত। তবে গাঙ্গুলী যখন দায়িত্ব নেন, তখন ভারতীয় দলের পরিস্থিতি ছিলো ভিন্ন। খারাপ অবস্থা থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সে।”
অনিল কুম্বলে ভারতের কোচ হবার পর থেকে শাস্ত্রী-গাঙ্গুলীর দ্বন্দটা প্রকট হয়ে উঠেছে। তবে এক্ষেত্রে শাস্ত্রীর তৎপরতাই বেশি চোখে পড়ে। কুম্বলের কোচ হবার পর থেকেই গাঙ্গুলীর প্রতি বিরুপ মন্তব্যই করেই যাচ্ছেন শাস্ত্রী।
শাস্ত্রী কেন গাঙ্গুলীকে সেরা অধিনায়কদের তালিকায় রাখলেন না, এ প্রশ্নের উত্তরে মুরালি বলেন, ‘সবারই নিজস্ব মতামত আছে। শাস্ত্রীও তার মতামত দিয়েছেন। হয়তো গাঙ্গুলীর নাম বলতে ভুলে গিয়েছে শাস্ত্রী। তারপরও এ ব্যাপারে আমার কিছু বলাটা ঠিক হবে না।’







