ফিরতে পারতেন ৯ রানে। তামিমের মাখন গলা হাতের কল্যাণে পাওয়া জীবনকে কাজে লাগিয়ে রোহিত শর্মা শেষ পর্যন্ত রেকর্ড গড়েই ফিরেছেন। চলতি বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ডে সৌরভ গাঙ্গুলিকে পেছনে ফেলে বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দেয়ার বন্দোবস্ত সেরে গেছেন ভারতীয় ওপেনার।
ভারত-২৩৭/২ (৩৮)
বাংলাদেশের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ শতক ছুঁয়ে তবেই ফিরেছেন রোহিত। সৌম্যর বলে লিটনকে ক্যাচ দেয়ার আগে করেছেন ১০৪ রান। তাতে এক বিশ্বকাপে ভারতীয়দের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখন তারই। ২০০৩ আসরে তিন সেঞ্চুরিতে এতদিন রেকর্ড দখলে ছিল সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।
চার সেঞ্চুরিতে রোহিত ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারাকেও। ২০১৫ আসরে চার সেঞ্চুরি ছিল লঙ্কান কিংবদন্তির। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ। তার সেই কীর্তি অবশ্য সবার থেকে অনন্য। কারণ বিশ্বকাপ তো বটেই, ওয়ানডেতে টানা চার সেঞ্চুরির একমাত্র কীর্তিটি কেবল লঙ্কান কিংবদন্তিরই।
৯২ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ৫টি ছয় মেরেছেন রোহিত। ছক্কায় গড়েছেন নতুন রেকর্ড। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ডানহাতি ওপেনার। রোহিতের ছক্কা সংখ্যা এখন ২৩০। সর্বোচ্চ ছক্কায় তার সামনে কেবল সনাথ জয়সুরিয়া, শহিদ আফ্রিদি ও ক্রিস গেইল। বিশ্বকাপে একমাত্র ওপেনার হিসেবে ৫০’র বেশি রান গড়ের মালিকও এখন রোহিতই।
রোহিত ফেরার পর খানিকটা স্বস্তি ফিরেছিল বাংলাদেশ ড্রেসিংরুমে। তার পথ ধরে দ্রুত সাজঘরে ফিরে যান আরেক ওপেনার লোকেশ রাহুল। রুবেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ৯২ বলে ৭৭ করে গেছেন ডানহাতি ব্যাটসম্যান।







