কম্বোডিয়ার সাবেক খেমাররুজ সরকারের ‘ফার্স্ট লেডি’ ইয়েং থিরিথ মারা গেছেন। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্ত এ নারী শনিবার মারা যান বলে জানিয়েছে ওই অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল।
জাতিসংঘ সমর্থিত ওই ট্রাইব্যুনাল এক বিবৃতিতে ইয়েং থিরিথের মৃত্যুর খবর জানায়। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। স্মৃতিভ্রংশ রোগের কারণে ২০১২ সালে তার বিচার স্থগিত করে ট্রাইব্যুনাল। তবে তাকে বিচার বিভাগের তত্ত্বাবধানেই রাখা হয়েছিলো।
ইয়েং থিরিথ ছিলেন খেমাররুজ সরকারের সমাজকল্যাণমন্ত্রী। ওই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি ছিলেন তার স্বামী । ইয়েং সারির বিরুদ্ধেও ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার চলছিলো। তবে তিনিও বিচারধীন থাকা অবস্থায় মারা যান।






