খেলনার বদলে এখন থেকে আউটলেটগুলোতে শিশুদের উপযোগী বই রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডের নিউজিল্যান্ডের আউটলেটগুলো।
তাদের বিখ্যাত ‘হ্যাপি মিল টয়েজ’ এর বদলে এখন সেখানে থাকবে জনপ্রিয় বৃটিশ লেখক রোয়াল ডালের লেখা বইগুলো।
এ জন্য আগামী ছয় সপ্তাহের মধ্যে আউটলেটগুলোতে প্রায় ৮ লাখ বই সরবরাহ করবে তারা। শিশুরা এই বইগুলো বিনামূল্যে পড়তে পারবে।
দুপুরে খাবার গ্রহনের পাশাপাশি এই শিশুতোষ বইগুলো তারা দারুণ পছন্দ করবে বলে বিশ্বাস ম্যাকডোনাল্ডের।
এজন্য ছয়টি বিশেষ বই রাখা হচ্ছে। যার মধ্যে আছে শিশুদের খুব প্রিয় ‘ওয়ান্ডারফুল মিস্টার ইউলিওয়াংকা, মাটিলডা, ফ্যান্ডাবুলাস বিএফজি’ এর মতো বই।
রোয়াল ডালের মূল গল্পের পাশাপাশি বইগুলোতে সংযোজন করা হয়েছে চমৎকার সব ইলাষ্ট্রেশন ছবি ও নকশা। যেখানে বলা হচ্ছে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে খাবারের পাশাপাশি নানা রঙের মলাটে বই রাখা হয়েছে।
তবে আউটলেটে বই রাখার সিদ্ধান্ত এবারই প্রথম নয় ম্যাকডোনাল্ডের জন্য। এটি তাদের গ্লোবাল হ্যাপি রিডার প্রোগ্রামের একটা অংশ। সেখানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো।
নিউজিল্যান্ডের ম্যাকডোনাল্ডসের মার্কেটিং অফিসার বলেন,‘দ্যা হ্যাপি মেইল রিডারস’ প্রোগ্রামের মাধ্যমে শিশুদের অভিভাবকরা উপকৃত হবে তারা তাদের শিশুদের বিভিন্ন লেখকের সাথে পরিচিত করতে পারবে।
খেলার ছলে বাবা-মা তাদের সন্তানদের বেড়ে ওঠার জন্য রোয়াল ডালের গল্পগুলো খুব সহজেই শিখাতে পারবে বলে ম্যাকডোনাল্ডস কতৃপক্ষের দাবি।








