ভারতের ভিসা পেতে খুলনা ও যশোরে পর্যটক বা টুরিস্ট ভিসার আবেদনকারীদের আর অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়া আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রাপ্তির বিষয়টি আরও সহজ ও বাধাহীন করার চলমান উদ্যোগের অংশ হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পর্যটক ভিসার জন্য আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই।
আবেদনকারীরা ১১ জুন ২০১৮ থেকে খুলনা ও যশোর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)-তে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। ওই আইভিএসিগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭, মিরপুর রোড, ঢাকায় ১০ অক্টোবর ২০১৭ এবং ২০ মে ২০১৮ সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ। এবার তা একইভাবে খুলনা ও যশোর আইভিএসি-তে চালু করা হচ্ছে।
ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি এ পদক্ষেপের লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।










