ঘটনা ৯ জুনের। আমেরিকার গণমাধ্যম জানতে পেরেছে মাসের শেষ দিকে এসে। টেনিস তারকা ভেনাস উইলিয়ামসের গাড়িতে চাপা পড়ে ৭৮ বছর বয়সী এক লোক নিহত হন। ফ্লোরিডা পুলিশ বলছে, ‘যেভাবে লোকটি নিহত হয়েছেন, সেটা খুনের সামিল।’ ভেনাসের আইনজীবী বলছেন, ‘এটি নিছক দুর্ঘটনা।’
পুলিশ জানিয়েছে, ভেনাসের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, ৯ জুন রাস্তার ওই ‘দুর্ঘটনা’র পর আহত লোকটিকে হাসপাতালে নেয়া হয়। দুই সপ্তাহ পরে তিনি মারা যান।
টিএমজি নামের একটি গণমাধ্যম জানাচ্ছে, পুলিশের বিশ্বাস এই ঘটনায় ভেনাসের যথেষ্ট দোষ রয়েছে।
মারা যাওয়া লোকটির নাম জেরম ব্যারসন। তার স্ত্রীকে নিয়ে তিনিও গাড়ি চালিয়ে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, কোনও সংকেত না দিয়ে হঠাৎ জেরমের গাড়িকে ধাক্কা দেয় ভেনাসের গাড়ি। মিসেস জেরমকেও হাসপাতালে নেয়া হয়। স্বামী মারা গেলেও তিনি বেঁচে যান।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ‘ভেনাস যেভাবে গাড়ি চালিয়েছেন, তাতে তারই দোষ। এর সঙ্গে ড্রাগ, অ্যালকোহল কিংবা মোবাইল বিস্ফোরণের কোনো সংযোগ নেই।’
সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকার দাবি, তিনি ধীরে গাড়ি চালাচ্ছিলেন। ওই দম্পতির গাড়ি তিনি দেখতে পাননি।
সামনের সপ্তাহে ভেনাস তার ২০তম উইম্বলডন টুর্নামেন্টে খেলতে নামবেন। তার আগে যে বিষয় নিয়ে ঝামেলায় পড়ে গেলেন, তাতে তাকে বেশ খেসারত দিতে হবে বলেই মনে হচ্ছে।







