দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এই মামলা কোনো বিশেষ মামলা নয়। এরকম অনেক মামলা দুদকে রয়েছে। আইন সবার জন্য সমান। সেভাবেই এই মামলার বিচার হয়েছে। তাই এখানে প্রতিক্রিয়া জানানোর কিছুই নাই।
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের পর দুদকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে মামলা করি। এরপর আদালত সেই মামলার বিচার করে। এই মামলারও সেই ভাবে বিচার হয়েছে। তাই এটা বিশেষ কিছু নয়।
খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী তাই এই মামলার রায় দৃষ্টান্ত হয়ে থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মামলা দুর্নীতির বিরুদ্ধে। কারণ দুদকে সাড়ে তিন হাজার মামলা রয়েছে। আমাদের কাছে সব মামলাই বিশেষ। তাই সব মামলার পর প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়।
এই মামলায় রাজনীতি ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। এখানে রাজনীতি আসবে কেন? তাছাড়া অনেক মামলাই আমি করিনি। কিন্তু প্রতিষ্ঠানে কর্মরত হিসাবে মামলা চালাতে হয়। আইন আইনের গতিতে চলে। সেটাই হচ্ছে।
‘তবে আর্থিক ব্যবস্থাপনায় যারা সম্পৃক্ত তারা যেন নিয়ম কানুন মেনেই তা পরিচালনা করেন। কারণ আর্থিক খাতেই দুর্নীতি হয়।’
এর চেয়ে অনেক বড় অংকের টাকার দুর্নীতির মামলাও আছে, সে বিষয়ে আপনাদের অবস্থান কী?, সাংবাদিকরা জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।








