শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং আগামী নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলন যে এতো বড় হবে তা তিন দিন আগেও কেউ জানতো না। এর কোনো নেতা ছিলো না। মানুষের অধিকারের আন্দোলনে কোন নেতা লাগে না। কোটা সংস্কার আন্দোলনের পদাঙ্ক অনুসরণ করে আগামীতে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করবে বিএনপি।
তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার মুক্তি প্রথম প্রয়োজন। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার মুক্তি একসুতোয় গাঁথা। প্রথমেই খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়াকে সাথে নিয়েই আমরা আন্দোলন করবো। নির্বাচনে যাবো।
মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী রাগে-ক্ষোভে কোটা প্রথা বাতিল করে দিয়েছেন। ক্ষোভে তিনি ছাত্ররা যা চায়নি তাই দিয়ে দিয়েছেন। যেহেতু সংসদে তিনি বলেই দিয়েছেন। কাজেই আগামী রবি-সোমবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করতে হবে তাকে।
মোশাররফ আরো অভিযোগ করেন, কোটা আন্দোলন করায় শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া হচ্ছে। মামলা দেয়া হচ্ছে।
সুফিয়া কামাল হলের ছাত্রলীগ নেত্রী এশার বহিস্কারাদেশ তুলে নেয়া এবং স্বপদে বহাল রাখার কড়া সমালোচনা করেন মোশাররফ। বলেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এখন রগ কাটা পার্টিতে রুপান্তরিত হয়েছে। আর যারা রগ কাটে তাদেরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সিটি নির্বাচনসহ সকল নির্বাচনে সেনা মোতায়েনের দাবি
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে খুলনা-গাজিপুর সিটি নির্বাচন সহ আগামীতে সকল নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ।
তিনি বলেন, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত করতে হবে, যেন জনগণ স্বস্তি নিয়ে ভোট দিতে পারে। ভোটের অধিকারের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করতেই হবে।
‘সিটি কর্পোরেশন নির্বাচনেও সেনা মোতায়েন করতে হবে। খুলনা- গাজিপুর নির্বাচন সরকার আর নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা’, বলেন মোশাররফ।






