আদালত

খালেদার মনোনয়ন সংক্রান্ত রিট শুনানির জন্য বেঞ্চ গঠন

খালেদা জিয়া-জামিন আবেদন

নির্বাচন কমিশন কর্তৃক তিনটি আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট শুনানির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার নতুন এ বেঞ্চ নির্ধারণ করে দেওয়া হয় বলে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।

এর আগে নির্বাচন কমিশন কর্তৃক তিনটি আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা রিটের শুনানি নিয়ে গতকাল বিভক্ত আদেশ দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে।

এরপর গতকাল দুপুরেই হাইকোর্টের বিভক্ত আদেশের নথি প্রধান বিচারপতির দপ্তরে যায়। কিন্তু বিভক্ত আদেশের বিষয়ে সিদ্ধান্ত বিস্তারিতভাবে নথিতে না আসায় প্রধান বিচারপতি আদেশ প্রদানকারী বেঞ্চে সে নথি আজ ফেরত পাঠান।

এরপর দুই বিচারপতির বেঞ্চ থেকে আবার আদেশের নথি প্রধান বিচারপতির দপ্তরে আসে। এরপর প্রধান বিচারপতি খালেদা জিয়ার করা রিটের বিষয়টি শুনানির জন্য বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ গঠন করে দেন।

ফেনী-১ এবং বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিলের রায় রোববার বহাল রাখেন নির্বাচন কমিশন।

শনিবার প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন কমিশনার খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

এর আগে এই তিনটি আসনে জমা দেয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে উল্লেখ করা হয়।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন খালেদা জিয়া নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল রিট শুনানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…