মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য কুকুর আর বিড়াল হত্যা নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে তাইওয়ানের পার্লামেন্ট। এছাড়াও ওই আইনটিতে বলা হয়েছে, গাড়ি বা মোটরবাইকে ভ্রমণের সময় পোষা প্রাণীকে পাশাপাশি রাস্তা দিয়ে টেনে নিয়ে যাবে না।
এই আইন লঙ্ঘনকারীকে মোটা অঙ্কের জরিমানা বা দু’বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে শাস্তির অংশ হিসেবে অপরাধীর নাম এবং ছবিও জনগণের কাছে প্রকাশ করা হবে।
তাইওয়ানের প্রাণী সংরক্ষণ আইনের উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার তাইওয়ানের প্রাণী সংরক্ষণ আইনে এই অভিনব সংশোধনীটি আনা হয়। পুরো এশিয়ায় এটিই এ ধরণের প্রথম আইন বা সংশোধনী।
২০০১ সালে তাইওয়ান সরকার বিড়াল-কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণীর মাংস ও চামড়া ‘অর্থনৈতিক উদ্দেশ্যে’ বিক্রি নিষিদ্ধ করে একটি আইন পাস করে। তার ধারাবাহিকতায় এবার খাদ্য হিসেবেও নিষিদ্ধ করার আইনে অনুমোদন এলো।
একটা সময় এই দ্বীপরাষ্ট্রে কুকুরের মাংস নিয়মিত খাদ্যাভ্যাসের অংশ ছিল। কিন্তু বর্তমানে প্রাণীটিকে পরিবারের সদস্য পোষা প্রাণী হিসেবেই ঘরে রাখা হয় বেশি।
গত বছর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন নিজেই তার পোষা দুই বিড়ালের সঙ্গে আরও তিনটি কুকুর বাড়িতে এনে পালন শুরু করেন।







