অতিবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করতে সুনামগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার দুপুরে হেলিকপ্টারে সুনামগঞ্জে যান রাষ্ট্রপতি।
সিলেট টুয়েন্টিফোর ডটকম জানায়, সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে লোফ্লাইং ফ্লাইটে অকালে তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করতে নেত্রকোণা যান। সেখান থেকে তিনি সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলের তলিয়ে যাওয়া হাওর দেখে দুপুর আড়াইটায় সুনামগঞ্জে আসেন। সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাড থেকে সরাসরি তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে যান।
বিকেল ৫টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পরিদর্শন করেন তিনি। সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শিল্পকলা অডিটোরিয়ামে সূধিজনের সঙ্গে মতবিনিময় করবেন আব্দুল হামিদ। এরপর রাতে সার্কিট হাউসে তিনি সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৯৭১ সনে তিনি সুনামগঞ্জের টেকেরঘাট সাব সেক্টরের মুক্তিযোদ্ধা ও সংগঠক ছিলেন।
রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউসে অবস্থান করে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।







