এল ক্লাসিকোর ঠিক আগের দিন রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সকালে দলের সঙ্গে পুরদোমে অনুশীলন করেন তিনি।
গত শনিবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্রেমিওর বিপক্ষে কাফ মাসলে চোট পান রোনালদো। পরে টানা তিনদিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি সিআর সেভেনকে। শঙ্কা ছিল শুক্রবারের ম্যাচপূর্ব অনুশীলন নিয়েও।
লা লিগায় এই মুহুর্তে বার্সার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। শনিবারের এল ক্লাসিকোতে হারা মানে লা লিগার শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়া। এমন সময়ে রোনালদো বসে থাকেননি। সতীর্থদের সঙ্গে নির্ধারিত সময়েই মাঠে আসেন।
রিয়ালের অনুশীলন এদিন মাত্র ১৫ মিনিট সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হয়। সেই ১৫ মিনিট রোনালদোকে বেশ সক্রিয় দেখেছেন বিভিন্ন স্প্যানিশ পত্রিকার সাংবাদিকরা। তার মানে সিআরসেভেনের মাঠে নামার সম্ভাবনা প্রবল।
জিদান তার সিনিয়র ২২ খেলোয়াড়কে নিয়ে কঠোর অনুশীলন সারেন। করিম বেনজেমা সার্জিও রামোসের ছোটখাটো ইনজুরি ছিল। তারাও এখন সুস্থ। চিন্তা ছিল গ্যারেথ বেলকে নিয়েও। তাকেও এদিন অনুশীলনে পুরদোমে ঘাম ঝরাতে দেখা গেছে।






