বিশ্ব ক্রিকেটে কালিমালিপ্ত হল শ্রীলঙ্কা। আইসিসি জানিয়েছে, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ শ্রীলঙ্কা। দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো নিজেই জানিয়েছেন, দুবাইতে অনুষ্ঠিত আইসিসির সভার গোপন রিপোর্টে এই তথ্য রয়েছে।
হারিন বলেছেন, ‘আইসিসি মনে করে, শ্রীলঙ্কার ক্রিকেট সংস্থা আপাদমস্তক দুর্নীতিতে ভরা।’
আইসিসির দুর্নীতি দমন সংস্থা এমনিতেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এএলসি) উপর কড়া নজর রেখেছে। নিয়মিত তদন্ত হয়। সনাৎ জয়সুরিয়ার মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
লঙ্কান ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘এটা খুবই লজ্জার যে, দুর্নীতির দিক দিয়ে শ্রীলঙ্কা একনম্বর স্থান দখল করেছে। আইসিসি থেকে আমাকে এমনও বলা হয়েছে, শুধু বুকিরা যুক্ত, তাই নয়, এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডও যুক্ত। আবার এটাও সত্য, ক্রিকেটারদের চেয়ে এই ব্যাপারে ক্রিকেট বোর্ড বেশি যুক্ত।’
শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতির অভিযোগ নতুন নয়। প্রায়ই জুয়ারিদের আটক করে পুলিশ। সেদেশের সরকারও চাইছে, নিজেদের পক্ষ থেকে একটি দুর্নীতি দমন শাখা চালু করতে। যারা নিয়মিত এই ব্যাপারে নজর রাখবে। তবে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা দলটি জন্য এই চেয়ে বেশি লজ্জার আর কি হতে পারে।








