শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে চার ক্রিকেটারের। এ ম্যাচেই অন্যরকম এক অভিষেক হল ক্রীড়া সাংবাদিক মাজহার উদ্দিন অমির। ‘ক্রিকেটার থেকে সাংবাদিক’ পরিচিত মহলে এটাই ছিল তার পরিচয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত মাজহার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাইক্রোফোন হাতে তোলার পর পেলেন ধারাভাষ্যকার তকমাও।
২০০২ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে নেতৃত্ব দিয়েছেন মাজহার। সেই দলে ছিলেন বর্তমান টাইগার দলের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা। ধারাভাষ্যকক্ষে গৌতম ভিমানি যখন দর্শকদের সামনে পরিচয় করিয়ে দিলেন নতুন কণ্ঠকে, উল্লেখ করলেন মাজহারের ক্রিকেট জীবনের কথাও।
ইনজুরি কেড়ে নেয় মাজহারের ক্রিকেটার হওয়ার স্বপ্ন। মোটরবাইক দুর্ঘটনায় কলার-বোন ইনজুরি হানা দেয়। অনূর্ধ্ব-১৯ খেলার পর আর বিসিবির কোন দলে সুযোগ হয়নি। তবে ক্লাব ক্রিকেট খেলেছেন আরও কয়েকবছর। পরে নাম লেখান সাংবাদিকতায়। জানালেন, ধারাভাষ্যের প্রতিও ঝোঁক ছোটবেলা থেকেই। ভাল লাগে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনের বিশ্লেষণ।
শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্স ও কমেন্ট্রিবক্সের মাঝে দূরত্ব ২২ গজেরও কম। দুটিতেই বিচরণ রাখতে চান মাজহার। ক্রিকেটার হতে পারেননি বলে হয়েছেন ক্রীড়া সাংবাদিক। ধারাভাষ্যেও হল অভিষেক। ক্রিকেটের অধরা স্বপ্ন এভাবেই পূর্ণতা দিতে চান কলমে-কণ্ঠে।

বৃহস্পতিবার মুশফিক যখন মাঠে, তখন বয়সভিত্তিক দলে তারই অধিনায়ক মাজহার কাচঘেরা ঘরে মাইক্রোফোন হাতে। তবুও আক্ষেপ নেই মাজহারের। ক্রিকেট এখন আর না খেললেও আছেন তো ক্রিকেটের সঙ্গেই।











