ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু হতাহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিতে হওয়া আকস্মিক বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন ২শ’র বেশি মানুষ।
আহতদের মধ্যে ১৬৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ২০ জনের দেহে ‘ঝড়ের ফলে সৃষ্ট’ আঘাত রয়েছে। আর ৪ জন গুরুতর আহত।
তীব্র প্রাকৃতিক দুর্যোগের কারণে সান্তা বারবারার পূর্বে অবস্থিত রোমেরো ক্যানিয়ন এলাকায় প্রায় ৩শ’ জনের একটি দল আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, ভূমিধসে এখনো অনেকে নিখোঁজ। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। আক্রান্ত এলাকা থেকে হাজারো অধিবাসী পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। তাদেরকেসহ আটকে পড়া লোকজনকে উদ্ধারে এখন পর্যন্ত ৫০টিরও বেশি উদ্ধার অভিযান চালানো হয়েছে। যে এলাকাগুলো থেকে লোকজনকে সরানোর সুযোগ ছিল না সেখানেই বন্যা ও ভূমিধস আঘাত হেনেছে বেশি।







