সর্বশেষ আব্দুল মান্নান পরিচালিত ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ছবি ‘রংবাজ’-এ একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন বর্তমান ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলি। এরপর বেশকিছু নতুন ছবির শ্যুটিংয়ে শাকিবকে দেখা গেলেও বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন বুবলি। তবে এবার সেই বিরতি ভেঙে ফের শাকিবের সঙ্গে অভিনয়ে ফিরতে চলেছেন তিনি।
‘বসগিরি’ ছবির মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন শবনম বুবলি। তারকা অভিনেতা শাকিব খানের বিপরীতে জুটি বেধে এরপর করেন শুটার, অহংকার ও রংবাজ নামের তিনটি ছবি। সবগুলো ছবিই দর্শকপ্রিয়তাও পেয়েছে বেশ। তারই ধারাবাহিকতায় আরো একটি নতুন ছবিতে কাজ করতে চলেছেন শাকিব-বুবলি। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। ৬ অক্টোবর শুক্রবার শুরু হবে শুটিং। আর এই ছবিতে কাজ করতে পুরোপুরি প্রস্তুত শাকিব-বুবলি।
শুক্রবার থেকেই শুরু হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’-এর শুটিং, বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা বুবলি। প্রথম দিনেই কি শাকিব-বুবলি ক্যামেরার সামনে থাকছে কিনা জানতে চাইলে বুবলি বলেন, আসলে শুটিংয়ের সবকিছুই উত্তম দা জানেন। আমাকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে সবইতো একটা ঠিক করা প্লেন মতোই কাজ করেন। কালকে শুটিংয়ের আগে আশা করি সব জানতে পারবো।







