কক্সবাজার থেকে: স্টেডিয়ামে এসেই বাংলাদেশ ও প্যালেস্টাইন দলের কোচ সোজা ঢুকে পড়লেন মাঠে। কোন জায়গায় কতটা পানি জমেছে দেখে নিলেন। মাঠের যে অবস্থা তাতে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুদলের কৌশলেই দেখা যেতে পারে ভিন্নতা। প্রতিপক্ষের পাশাপাশি এদিন লড়তে হবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও কাদা মাঠের চ্যালেঞ্জের সঙ্গেও।
ঘূর্ণিঝড় তিতলির কারণে কক্সবাজারে চলছে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। তারমধ্যেই বুধবার দুপুর আড়াইটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আগেরদিন প্রথম সেমিতে ভারী বৃষ্টির পর কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। তবে বাধা হতে পারেনি।
বাংলাদেশ ম্যাচেও তেমনটা হবে না, এমন আশা নিয়ে দুপুর ১টা থেকেই স্টেডিয়ামমুখী স্থানীয় ফুটবলপ্রেমীরা। ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার ছোট স্টেডিয়ামটির গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে ম্যাচ শুরুর অনেক আগেই। প্রতিকূল আবহাওয়ার মাঝে সমর্থকরা এসেছেন বাংলাদেশ দলকে উৎসাহ দিতে।
বাংলাদেশ দলে কক্সবাজারে চার ফুটবলার থাকায় স্থানীয়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা আরও বেশি। স্টেডিয়ামের বাইরে ব্যানারে ঝুলছে ইব্রাহিম, সুশান্ত, আনিসুর, তৌহিদের ছবি। এই লোকাল বয়দের নিয়ে কক্সবাজারবাসীর গর্বের শেষ নেই। বড় ফন্টে লেখা ব্যানারের কথাগুলোই সেটার প্রমাণ।
প্যালেস্টাইনের সঙ্গে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যবধান যোজন-যোজন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবারের ফাইনাল খেলতে হলে জামাল ভুঁইয়ার দলকে সাগর পাড়ি দেয়ার মতো কঠিন চ্যালেঞ্জেই জয়ী হতে হবে।
ফিফা র্যাঙ্কিংয়ে প্যালেস্টাইন ১০০ নম্বরে। বাংলাদেশের অবস্থান ১৯৩। মুখোমুখি তিন দেখায় বাংলাদেশের হার দুটিতে। একটি ম্যাচ হয়েছে ড্র। এবার তাদের মাঝে ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ হওয়ার লড়াই।







