কোপা আমেরিকায় গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরেছে ব্রাজিল। আর তাতেই পুড়ে ছাই হলো হাইতি। কৌতিনহোর হ্যাটট্রিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ৭-১ বড় ব্যবধানে হেরেছে ক্যারিবীয় দলটি।
এই ব্রাজিলই প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান সাত নম্বরে। আর হাইতি আছে ৭১-এ। দুরত্ব ৬৪। ম্যাচেও সেটা প্রমাণ করে ছাড়ল কার্লোস দুঙ্গার দল।
খেলার ১৪ মিনিটেই লিড নেয় ব্রাজিল। অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ফিলিপে লুইসের পাস থেকে গোল করেন লিভারপুল তারকা কৌতিনহো। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার জোগানদাতা জোনাস ওলিভিয়েরা। ৬ মিনিট পর আবারও লিড নেয় ব্রাজিল। গোলদাতা অগাস্টো। বলের জোগানদাতা সিলভা।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। ফিরে এসে আক্রমণ আরো জোরদার করে তারা। ৫৯ মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন গ্যাব্রিয়েল। আট মিনিট পর লিডটা ৫-০ করেন লুকাস লিমা। তিন মিনিট পর অবশ্য হাইতির হয়ে একটি গোল পরিশোধ করেন জেমস মার্সেলিন।
এরপর ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোল করেন অগাস্টো। আর যোগ করা সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি হাইতিকে শেষ আঘাত করেন কৌতিনহো।








