অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকাকে কোয়ার্টারের প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আকবর আলীর দল ৩০ জানুয়ারি শেষ আটের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় পচেফস্ট্রুমে নামবে সেমির টিকেট কাটতে।
সাউথ আফ্রিকায় বসা যুব বিশ্বকাপের কোয়ার্টারে যাওয়া অন্য দলগুলোতে কোনো চমক নেই। প্রথম কোয়ার্টারে ২৮ জানুয়ারি খেলবে শিরোপার অন্যতম দুই দাবিদার ভারত ও অস্ট্রেলিয়া। পরেরদিন নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় কোয়ার্টার টাইগার যুবাদের। আর ৩১ জানুয়ারি চতুর্থ ম্যাচে নামবে পাকিস্তান ও আফগানিস্তান।
বাংলাদেশ সেরা আটের পরীক্ষায় উতরে যেতে পারলে ৬ ফেব্রুয়ারির দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ পাবে দ্বিতীয় কোয়ার্টারে লড়া নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জয়ী দলকে।
প্রথম সেমিতে খেলবে অন্য দুই কোয়ার্টারের দুই বিজয়ী। তথা, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের দুই জয়ী।
বাংলাদেশের যুবারা ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে এসেছে। যেখানে প্রতিপক্ষ পেল ‘ডি’ গ্রুপের রানার্সআপ সাউথ আফ্রিকাকে।
চলতি আসরে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে গ্রুপপর্বে উড়িয়ে দিয়ে যাত্রা করে বাংলাদেশ। আকবর-হৃদয়দের দল যদিও গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খুব বাজে ব্যাটিং করেছে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে করতে হয় পয়েন্ট ভাগাভাগি। বাংলাদেশ ও পাকিস্তানের দুদলেরই পয়েন্ট ছিল ৫ করে, শ্রেয়তর রানরেটে গ্রুপ সেরা হয় টাইগার যুবারা।







