প্রায় দুশো বছর ভারত উপমহাদেশ শাসন করেছে ব্রিটিশ সাম্রাজ্য। এই দুশো বছরে ধনী থেকে যেমন ভারতীয়দের গরীবে পরিণত করেছে ব্রিটিশরা! তেমনি পাচার করে হাজার হাজার কোটি টাকার সম্পদও নিয়ে গেছে নিজ দেশে। যে সম্পদের মাঝে আছে ইতিহাস প্রসিদ্ধ হীরা ‘কোহিনুর’!
মুঘল সাম্রাজ্যের গৌরব ও সম্রাট শাজাহানের ময়ূর সিংহাসনের শোভা বর্ধনকারী কোহিনুর হীরা ভারত থেকে লুট করে নিয়ে যান পারস্য সম্রাট নাদির শাহ। পরে তা ভারতে ফেরত এলেও ভাইসরয় লর্ড ডালহৌসি সেটি অধিগ্রহণ করে উপহার দেন ব্রিটিশ রানি ভিক্টোরিয়াকে। তখন থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটে শোভা পাচ্ছে কোহিনুর।
সেই ব্রিটিশ সাম্রাজ্যের বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা। স্বাভাবিকভাবেই ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। রানির সঙ্গে দেখা করে হাসি-মুখে কুশল বিনিময় করছেন কোহলি, এমন এক ছবি হয়েছে ভাইরাল!
ভারতীয়রা ট্রল করে সেই ছবিতে লিখেছেন, ‘আমাদের কোহিনূর ফেরত দেয়া হোক।’ এক ভক্ত লিখেছেন, ‘বিশ্বকাপ চাই না, কোহিনুর ফেরত দাও!’
ভাইরাল এক ট্রলে দেখা যাচ্ছে রানি কোহলিকে বলছেন, ‘এবার তো বিশ্বকাপ আমরা নিয়ে যাবো, মিস্টার কোহলি!’ আর কোহলি উত্তর দিচ্ছেন, ‘আমাদের কোহিনুরের মতো!’









