বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীদের সঙ্গে রাখা নিয়ে ভারতীয় ক্রিকেটে বিতর্ক কম হয়নি। এরইমধ্যে অধিনায়ক বিরাট কোহলির এক অনুরোধে নতুন করে হৈ-চৈ পড়ে গেছে। কোহলি চাইছেন বিদেশ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে থাকুক তাদের স্ত্রী এবং বান্ধবীরা। সেজন্য বিসিসিআইকে অনুরোধও করেছেন তিনি।
সম্প্রতি বিদেশ সফরে স্ত্রী বা বান্ধবীদের নিয়ে যাওয়ার ব্যাপারে কড়া নিয়মে কিছুটা শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগে ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবীদের হোটেলে প্রবেশ একেবারে নিষিদ্ধ ছিল। কিছুদিন আগেই বিসিসিআই নতুন নিয়ম এনে জানিয়েছে, সফর শুরুর ২ সপ্তাহ পর থেকে চাইলেই স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা।
কিন্তু এবার সেই নিয়মেও বদল চাইছেন ভারতীয় অধিনায়ক। তিনি চান বিদেশ সফরে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুক স্ত্রী বা বান্ধবীরা।
যদিও বিরাটের অনুরোধ নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআইয়ের প্রশাসন প্যানেল। বোর্ডে প্রধান নির্বাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই বিসিসিআইয়ের পলিসির কোনো পরিবর্তন হচ্ছে না। নির্বাচনের পর নতুন কমিটি এসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি ইংল্যান্ড সফর চলাকালীন ভারতীয় হাইকমিশনে ভারতীয় দলের ছবিতে কোহলির স্ত্রী আনুশকা শর্মার উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।







