এজবাস্টনে স্রোতের বিপরীতে লড়াই করে প্রথম ইনিংসে ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়তে তার ব্যাটেই তাকিয়ে ভারত। এমনই ব্যাট করছেন বিরাট কোহলি যে স্বভাব বদলে ভারত অধিনায়কের প্রশংসায় মেতেছে ইংলিশ মিডিয়াও। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলছেন, এভাবে একদিন কোহলি ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকেও।
খেলুড়ে জীবনে স্টাইলিশ ব্যাটিংয়ের জন্য খ্যাতি ছিল সাঙ্গাকারার। কোহলিও কম যাচ্ছেন না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে, যে স্টাইলে ব্যাটিং করছেন, সাঙ্গার মনে হচ্ছে- খুব দ্রুতই সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটার হয়ে যাবেন কোহলি।
‘যেভাবে সে ব্যাটিং করছে, বিরাটের সর্বকালের সেরা ভারতীয় খেলোয়াড় হতে বেশি সময় লাগবে না।’ -টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছেন সাঙ্গা।
ওয়ানডে ও টেস্ট মিলিয়ে এরইমধ্যে ৫৭টি শতক হয়ে গেছে। টি-টুয়েন্টিতে এখনও শতকের দেখা মেলেনি। যেভাবে এগোচ্ছেন, শচীন টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ড ছোঁয়া খুব অসম্ভব কিছু নয় ভারত কাপ্তানের জন্য। কিংবদন্তি শচীনের বড় প্রতিপক্ষ এখন তাই কোহলিই!
সাঙ্গাকারাও একবাক্যে মেনে নিচ্ছেন, এক কোহলিই হতে চলেছেন শচীনের বড় প্রতিদ্বন্দ্বী, ‘শচীনের উত্তরসূরি হিসেবে সে যেভাবে ব্যাট করে, চাপ সয়ে যায়, এটা একবারেই অতুলনীয়। এককথায় সে তার প্রজন্মের সেরা। অন্য সকলের চেয়ে দারুণ পরিপক্ব। সে যেভাবে দিনকে দিন উন্নতি করে চলেছে, তাতে সে খুব দ্রুতই অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলবে।’







