কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি বিরূপ আচরণের অভিযোগে শনিবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের এই মঞ্চের আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের প্রতি সাম্প্রতিক হুমকি-ধমকি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কারণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বের করে দেয়া হচ্ছে বলেও অভিযোগও করেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা ও সাধারণ ছাত্রীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার ২৫ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১০ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় ছাত্রলীগ নেত্রী এশা এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে এশাকে লাঞ্জিত করার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষীতেই বৃহস্পতিবার নোটিশ দেয়া হয়।
এছাড়াও, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরু এবং রাশেদ খান অভিযোগ করেন, মঙ্গলবার রাতে ছাত্রলীগের তিনজন নেতা তাদের পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন।







