কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁনকে শাহবাগ থানার একটি আইসিটি মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এর আগে দুপুর পৌনে একটার দিকে রাশেদের মিরপুর-১৪ নম্বরের ভাসানটেক বাজার এলাকার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন তার স্ত্রী রাবেয়া সুলতানা আলো।
আটকের আগে বিষয়টি নিয়ে রাশেদ খাঁন তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় ভয়ার্ত কণ্ঠে রাশেদ বলছেন: গেট ধাক্কা দিচ্ছে, গেট ধাক্কা দিচ্ছে, আমাকে তুলে নিয়ে যাবে। আমাকে গুলি করে মেরে ফেলবে, গেট ধাক্কা দিচ্ছে পুলিশ। কেউ বাঁচান আমাকে কেউ বাঁচান। মিরপুর ১৪ ভাসানটেক বাজার এলাকার এই বাসা থেকে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচান।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওই হামলায় কমপক্ষে ৫/৬ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়।
আন্দোলনকারীরা জানান, প্রাণনাশের আতঙ্কে বর্তমানে আত্মগোপনে আছেন তারা। এসময় কোটা সংস্কার আন্দোলনকারীদের যেখানে দেখছে সেখানেই তাদের ওপর হামলা চালানো হচ্ছে।







