বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় ঢাকাসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচী শেষে শাহবাগ অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার পৌনে ১টার দিকে তারা শাহবাগ মোড়ের সবগুলো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার দোয়েল চত্ত্বর, হাইকোর্ট, শিশুপার্ক হয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।
সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানায় তারা।
কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গত মাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।
দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।
তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা। এরপর ১৩ই মে রোববারও বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানায় তারা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় তারা।







