মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত বাঙ্গালি জাতির অন্যতম গর্বের প্র্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারের নাম ভুল ভাবে লিখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিন বিভাগ। কেন্দ্রীয় শহীদ মিনারের বদলে তারা লিখেছে ‘জাতীয় শহীদ মিনার’। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যাতায়াত পথ নির্দেশিকা ম্যাপে ডিএমপি লিখেছে ‘জাতীয় শহীদ মিনার’। ম্যাপটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে টাঙ্গানোর পাশাপাশি ডিএমপির নিজস্ব ওয়েবসাইটেও ব্যবহার করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ট্রাফিক দক্ষিন বিভাগের রমনা জোনের এডিসি মেহেদী হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ভুল কোনভাবেই কাম্য নয়। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।







