কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ। দিতে হবে ২০ লাখ টাকা জরিমানা। সঙ্গে যুক্ত হচ্ছে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা। দর্শক পেটানোয় এমন শাস্তি পাচ্ছেন বিতর্কিত ক্রিকেটার সাব্বির রহমান।
সোমবার বেক্সিমকো কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির সুপারিশ করলে সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পরবর্তী বোর্ড সভায় এসব সিদ্ধান্ত পাস করা হবে।
‘সাব্বিরের বিষয়ে আলোচনা হয়েছে। শুনানির পর শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত দিয়েছে। তার বিষয়ে প্রস্তাব এসেছে, সে কেন্দ্রীয় চু্ক্তি থেকে বাদ পড়ছে। চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকছে না। সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা। আর ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হবে।’ জানান বোর্ড সভাপতি।
নাজমুল হাসান ইঙ্গিত দিয়েছেন, বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় শাস্তি কমবে না, বরং আরও বাড়তে পারে। তবে ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলে থাকা সাব্বিরের আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় কোন বাধা নেই।
সাব্বিরের দর্শক পেটানোর খবর ২৮ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে চ্যানেল আই অনলাইন ও একটি দৈনিকে প্রথম প্রকাশিত হয়।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের সময় এমন কাণ্ড ঘটান রাজশাহী বিভাগের এই ক্রিকেটার! ম্যাচ রেফারি তার রিপোর্টে এমন অভিযোগ আনেন।
২০-২৩ ডিসেম্বর পর্যন্ত চলে প্রথম শ্রেণির সেই ম্যাচটি। দ্বিতীয় দিন ২১ ডিসেম্বর সাব্বির ওই কাজ করেন। ড্র হওয়া সেই ম্যাচে এক ইনিংস ব্যাট করার সুযোগ পান তিনি। আউট হন রানের খাতা খোলার আগেই।
সূত্রের খবর, শুধু দর্শক পেটানো নয়; খেলা শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও বাজে আচরণ করেন সাব্বির। সেটিও ম্যাচ রেফারি তার রিপোর্টে উল্লেখ করেন।







