দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী নজরুল ইসলামসহ দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ভিআইপি কারাবন্দিদের কাছে থেকে বিভিন্ন সুবিধা নিয়ে নানা অনিয়মের মাধ্যমে তারা দায়িত্ব-কর্তব্যে অবহেলা করেছেন। অভিযুক্ত অন্য ব্যক্তির নাম জসিম উদ্দিন।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে ঊর্ধতন এক কর্মকর্তা জড়িত বলে সন্দেহ করছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও ওই কর্মকর্তাকে এমন ঘটনায় জড়িত সন্দেহে শাস্তিমূলকভাবে রাজশাহীতে বদলি করা হয়েছিলো। কিন্তু কারা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে তিনি আবার ঢাকায় ফিরে আসেন।






