কেনিয়ার ক্রিকেটে ঝড়

টালমাতাল কাণ্ডে এমনিতেই তলানিতে কেনিয়ার ক্রিকেট। সেখান এবার যেন আরো বড় ঝড় উঠল। ক্রিকেটের ভবিষ্যৎ শঙ্কা বাড়িয়ে একই সঙ্গে পদত্যাগ করেছেন দেশটির অধিনায়ক, কোচ এবং বোর্ড প্রেসিডেন্ট।
নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন টু-তে কোনো জয় ছাড়া শেষ করে কেনিয়া দল। ফলে ২০১৯ বিশ্বকাপ তো দূরের কথা, আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্লে-অফ খেলার স্বপ্নও শেষ তাদের।
নামিবিয়া থেকে দেশে ফিরেই তাই পদত্যাগের ঘোষণা দেন কেনিয়া দলের অধিনায়ক রাকিব প্যাটেল, কোচ টমাস উদয়ও এবং বোর্ড প্রেসিডেন্ট জ্যাকি জানমোহাম্মদ।
ওয়ার্ল্ড ক্রিকেট লিগে ছয় দলের মধ্য সবার নিচে থেকে দেশে ফিরেছে কেনিয়া। ফলে ডিভিশন টু-তে থেকে তারা নেমে গেছে ডিভিশন থ্রি-তে। সংযুক্ত আরব আমিরাতের কাছে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানে (২১৮ রানে) হারে কেনিয়া।
কোচ উদয়ও কেনিয়ার বিশ্বকাপ খেলা দলের সদস্য। আর জানমোহাম্মদ দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম মহিলা প্রধান। তিনি জানিয়েছেন, ক্রিকেট কেনিয়া তার বিকল্প বেছে নিতে দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করবে।




