সরকারী কেনা-কাটায় চুরি এবং অপচয় বন্ধের আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকায় ৩ দিনের ক্রয় সংক্রান্ত আঞ্চলিক সম্মেলন উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, কেবল কেনা-কাটায় দুর্নীতি ঠেকানো গেলেই বছরে দশমিক ৫ শতাংশ জিডিপি বাড়ানো সম্ভব।
স্বাধীনতার প্রায় ৪ দশকে বাংলাদেশের অর্থনীতি আকারে, আয়তনে বেড়েছে বহুগুনে। ১ হাজার কোটিরও কম থেকে এখন বাজেটের আকার ৩ লাখ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচী, এডিপির আকারই ১ লাখ কোটি। এর প্রায় সবই পণ্য ও সেবাখাতের কেনা-কাটা সরকারী ক্রয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ক্রয় আইনও হয়েছে। পেশী-শক্তি, রাজনীতিক তদবির বন্ধে অনলাইনে টেন্ডার জমা দেয়ার ব্যবস্থাও কার্যকর হচ্ছে ধীরে ধীরে। এতো কিছুর পরও কেনা-কাটায় অপচয় বন্ধ হয়েছে কি? এই প্রশ্নই বার বার উচ্চারিত হয়েছে ৩ দিনের ক্রয় সংক্রান্ত সম্মেলনে।
ওই বিষয়ে মুস্তফা কামাল বলেন, কেবল যদি কেনা-কাটায় দুর্নীতি ঠেকানো যেতো তাহলে বছরে দশমিক ৫ শতাংশ জিডিপি বাড়ানো যাবে। তিনি আরো বলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা আর রাজনীতিক প্রভুর যোগসাজশে সরকারী অর্থের অপচয় কখনো-কখনো বেকায়দায় ফেলে দেয় দায়িত্বশীলদেরও।
ক্রয় সংক্রান্ত সম্মেলন শেষ হবে মঙ্গলবার। সার্কের ৮ দেশের মধ্যে কেনা-কাটা বৃদ্ধিতে ঢাকা ঘোষনাও গৃহীত হবে বলে জানিয়েছে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ।






