‘আগামীর কৃষি প্রযুক্তির কৃষি, নতুন প্রযুক্তির সাথে কৃষককে পরিচয় করিয়ে দিতে কৃষি সাংবাদিকতা রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা’।
‘কৃষি সাংবাদিকতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ এই কথা বলেন।
তিনি উপস্থিত জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকতার প্রথম শর্ত দেশপ্রেম। একজন সাংবাদিককে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে।’
শাইখ সিরাজ সাংবাদিকতা শুরুর দিকের স্মৃতিচারণ করে বলেন, ‘কৃষি বলতে আগে শুধু ধান পাট চাষকেই বুঝতো কৃষক। সেই ধারণা ভেঙে কৃষকের বাড়ির মাচা থেকে লাউ-ঝিঙা এখন চাষ হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমিতে।’
কৃষি সাংবাদিকতার ভবিষ্যৎ বিষয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কৃষির আবেদন আছে এবং ভবিষ্যতেও থাকবে। দিন দিন পরিবর্তন আসবে কৃষিতে, এই পরিবর্তনের খবর পৌঁছে দেয়ার দায়িত্ব কৃষি সাংবাদিকদের নিতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু করেছে একটা স্বপ্ন থেকে। এর শিক্ষার্থীরা এই স্বপ্নের বাহক।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমেই একজন ভালো সাংবাদিক হওয়া সম্ভব।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সংবাদ মাধ্যমের কর্মী ও শিক্ষার্থীবৃন্দ।
ছবি: তানভীর আশিক।









