শৈত্য প্রবাহ না চললেও দেশে এখন চলছে কুয়াশা প্রবাহ। ঘন কুয়াশায় ছেয়ে আছে সারাদেশে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে বিঘ্নিত হচ্ছে নৌ চলাচল।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, আজ সারাদিন কুয়াশায় ঢাকা থাকবে দেশ। আগামীকালও থাকতে পারে এমন কুয়াশার প্রভাব। তবে দিন পেরিয়ে রাতের দিকে কিছু কমে আসবে তাপমাত্রা।
সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামে আসলে তাকে বলা হয় শৈত্যপ্রবাহ। ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এমন ঘন কুয়াশায় ভোগান্তিতে পড়েছে দেশের সাধারণ মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-কাওড়াকান্দীসহ দেশের বিভিন্ন ফেরীঘাটে ফেরী চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে নৌ চলাচল।
সড়ক পথেও নানা দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন।
এছাড়াও আকাশপথে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি তুরস্কের একটি বিমান। শেষ পর্যন্ত বিমানটি ভারতের হায়দারাবাদে জরুরী অবতরণ করে।






