কুষ্টিয়া জেলার আইলচারায় প্রতিপক্ষের হামলায় শাহিন আলী (৩৫) নামে এক হোটেল মালিক নিহত হয়েছেন। গতরাত ১২টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে তার পরিবার।
এ ঘটনায় রাতে প্রতিপক্ষের বাড়ি ঘড় ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাতে হোটেল বন্ধ করে আইলচারা বাজার থেকে বাড়িতে ফিরছিলো শাহিন আলী। জোয়ার্দ্দার পাড়ার কাছে এসে পৌছালে পেছন থেকে ৬/৭ জন দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। এ সময় শাহিন আলীর আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর জানাজানি হলে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের পারিবার জানায়, আইলচারা ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে নৌকা সমর্থিত বিজয়ী চেয়ারম্যান মোতালেব হোসেন ও পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।
শাহিন আলী আইলচারা ইউনিয়ন নির্বাচনে নৌকার পক্ষে প্রত্যক্ষভাবে কাজও করেছিল। এরই জেরধরে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়েছে।







