বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় করা এক মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আগামী ২ জুলাই এ বিষয়ে রায়ের দিন ধার্য করেছেন।
আর কুমিল্লায় ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা আরেকটি মামলায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় রোববার আপিল বিভাগে খালেদার জামিনের বিরোধিতা করে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কুমিল্লায় করা এই দু’টি মামলাতেই গত ২৮ মে খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের দেয়া ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এরপর গত ২৯ মে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত খালেদাকে এই দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।
এরপর গত ৩১ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২৪ জুন পর্যন্ত জামিন স্থগিতের আদেশ বহাল রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেন। পরে রাষ্ট্রপক্ষ দু’টি লিভ টু আপিল করে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ১২ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন আপিল বিভাগ বহাল রাখেন।








