কিয়েভের রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

কিয়েভের রাস্তায় রাস্তায় তুমুল লড়াই চলাকালে ধ্বংসস্তূপের সামনে দুই পুলিশ সদস্য নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের রাজধানী কিয়েভের চারপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘাত এবার রাস্তায় ছড়িয়ে পড়েছে।
কিয়েভ সরকারের বরাত দিয়ে বিবিসি তথ্যটি জানায়।
এর আগে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার ভোর থেকেই এ শহরের বিভিন্ন জায়গায় হামলা ও সংর্ঘষের খবর পাওয়া গেছে।
রুশ বাহিনীর তুলনায় ইউক্রেনের সামরিক শক্তি এতোটাই কম যে ইউক্রেন সরকার তার নাগরিকদের বোতলে জ্বালানি তেল ভরে মোলটোভ ককটেল বানাতে বলেছে। আত্মরক্ষায় ১৮ হাজার স্বেচ্ছাসেবী হাতে তুলে নিয়েছেন বন্দুক।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানায়।
আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় দিন চলছে।






