এএফসি কাপের বাছাইয়ে বড় জয় দিয়ে শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাকাওয়ের সিএএসএ বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নরা।
কিরগিজস্তানে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দু’দলই একটি করে গোল করে। নিকির গোলে বেনফিকা এগিয়ে যায়। বিরতির একটু আগেই সমতা নিয়ে আসেন শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন।
দ্বিতীয়ার্ধে খেলার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সেরা দল। ৭২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক মামুনুল ইসলাম। এরপর দুই গোল দিয়ে শেখ জামালের জয় নিশ্চিত করেন মোহাম্মদ রনি।
১৫ আগস্ট শেখ জামালের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ কিরগিজস্তানের এফসি আলগা।






